বৃত্তি পেল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ১১৫ শিক্ষার্থী
সংগৃহীত ছবি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সদ্যপ্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মোট ১১৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ও সাধারণ- এই দুই ক্যাটাগরিতে এই বৃত্তি অর্জন করেছে সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৭৫ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত হয়েছে।
রাজধানীর মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর, উত্তরা ও শ্যামপুর এই ছয়টি এলাকায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বনানী শাখাটি আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম হওয়ায় বাকি পাঁচটি শাখা থেকে শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে মোট ১১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জনের জন্য মনোনীত হয়েছে।
শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়—
মালিবাগ শাখা থেকে ২৭ জন মেধাবৃত্তি ও ৩৫ জন সাধারণ বৃত্তিসহ মোট ৬২ জন, বারিধারা শাখা থেকে ৬ জন মেধাবৃত্তি ও ১৬ জন সাধারণ বৃত্তিসহ মোট ২২ জন, মিরপুর শাখা থেকে ৬ জন মেধাবৃত্তি ও ১৫ জন সাধারণ বৃত্তিসহ মোট ২১ জন, উত্তরা শাখা থেকে ৭ জন সাধারণ বৃত্তি এবং শ্যামপুর শাখা থেকে ১ জন মেধাবৃত্তি ও ২ জন সাধারণ বৃত্তিসহ মোট ৩ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।
উল্লেখ্য, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বৃত্তিসহ বোর্ডের বিভিন্ন পরীক্ষায় প্রতি বছরই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। অতীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ফলাফলের ভিত্তিতে থানা ও প্রতিষ্ঠানভিত্তিক গ্রেডিং তালিকা প্রকাশ করত। সেই তালিকায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০১৯-এর ফলাফলে রাজধানীর গুলশান থানায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে।
শুধু জেএসসি বা পিএসসি নয়, বৃত্তিতেও প্রতিষ্ঠানটির রয়েছে উজ্জ্বল সাফল্য। গত বছর গুলশান থানায় ৮৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৭৫ জনই ছিল সাউথ পয়েন্টের, যার মধ্যে ১৮ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা–২০১৯-এ সাউথ পয়েন্টের পরীক্ষার্থী ছিল ১,৩৫৪ জন। এর মধ্যে শতভাগ পাসসহ ৮৫৬ জন জিপিএ–৫ অর্জন করে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৬৩ শতাংশ। প্রতিবছরই জিপিএ–৫ প্রাপ্তির হার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকে।
২০০২ সালে মাত্র ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলও অত্যন্ত প্রশংসনীয়। প্রায় প্রতি বছরই এখানে কোনো অনুত্তীর্ণ শিক্ষার্থী থাকে না। পাশাপাশি উচ্চশিক্ষায় ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে।