দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭
সংগৃহীত ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক বিক্রেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত একজনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অপর ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার দিবাগত-রাতভর ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ইয়াবা, গাঁজা ও টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার জোবায়দুল (২৪) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কশিগাড়ী এলাকার সোলায়মান ফকির (৩২) ও জামিরুল হোসেন (৪০), রামকৃষ্ণপুর (ইছলা) এলাকার গাজীউর রহমান (৫৬), নুরপুর এলাকার অমিত কুমার সাহা (৩২), বলগাড়ী এলাকার আনোয়ার হোসেন (২৬) এবং রঘুনাথপুর এলাকার লিমন খন্দকার (২৭)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ এবং গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবার ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।