নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১০

নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১০

প্রতিকি ছবি

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার থেলকুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলিম উদ্দিনের ছেলে তুহিন(৩৫), আফজাল হোসেনের ছেলে ওমর ফারুক(৩৪), আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর (৩৮), মৃত ইসাহক প্রাং এর ছেলে মোমিন (৫০) ও মেহের আলীর ছেলে রিংকু (২৫), মামুন হোসেনের ছেলে ইমন হোসেন (১৮), মুনছুর প্রামানিকের ছেলে দুলালু (৪০), ইয়াছিন আলীর ছেলে আমজাদ (৬৫), বেলাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন ও মৃত ইয়াদ আলীর ছেলে রফিকুল (৩৬)। তারা সবাই থেলকুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকালে থেলকুড় গ্রামের বাসিন্দা সিয়াম আলী দুর্ঘটনার শিকার হন। তাকে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন স্বজরা।

খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিতে চায়। এতে পরিবারের লোকজন পুলিশকে বাধা দেয়। পুলিশ তখন হাসপাতাল থেকে সরবরাহ করা মৃত্যুসনদ চায়। সেটা দিতেও অপারগতা প্রকাশ করেন পরিবারের লোকজন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর জানান, পুলিশের ওপর হামলায় ঘটনায় এজাহারভুক্ত ৫ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/কামাল