কেরানীগঞ্জে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল উচ্ছেদে যৌথ অভিযান
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিভিন্ন অবৈধ স্ট্যান্ড, স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
রবিবার (৮ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে জিনজিরার জনি টাওয়ার এলাকা, কদমতলী গোলচত্বর, বাবুবাজার ব্রিজের ঢাল এবং জিনজিরা বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এছাড়া কদমতলী এলাকায় অবৈধ সিএনজি ও প্রাইভেটকার স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। ফুটপাতে ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ জনগণের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের ইনচার্জ শহিদ হোসেন সুমন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এসময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।