ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত

ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত

ফাইল ছবি

দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন আরিফুর রহমান। এই অনিয়মের জেরে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।