ঈদ বোনাসসহ বেতন-ভাতার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ
সংগৃহীত ছবি
ঈদ বোনাসসহ বিভিন্ন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভের পর শ্রমিকদের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি সমাধানে দুইদিন সময় চান।
অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী মো. রমজান বলেন, তারা দীর্ঘ কয়েক যুগ ধরে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন। স্থায়ী কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পেলেও তারা তা থেকে বঞ্চিত হচ্ছেন। পূর্বের মেয়র ও প্রশাসকরা রমজান মাসে ইফতার ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ঈদ বোনাস প্রদান করতেন। তবে বর্তমান প্রশাসক এসব ভাতা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং চাকরি কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিকরা ইফতার ভাতা, ঈদ বোনাসসহ বকেয়া বেতনের দাবিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তারা জানান, দুই দিনের মধ্যে দাবি পূরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।