নদীপথে ১৫ জনের পুশইন ঠেকালো বিজিবি
সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর বাধার মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে। পুশইনের শিকার হওয়া দলটিতে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির কাছে ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টাকারীরা শূন্য রেখায় ভারতের ভেতরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। বর্তমানে তাদের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে না। এ ঘটনায় কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার বন্ধ করতে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।’
রোকনপুর বিওপি কমান্ডার সুবেদার ওয়ালিদ হাসান জানান, মধ্যরাতে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা হলে কঠোর প্রতিবাদ জানানো হয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। তিনি আরও জানান, যে সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হচ্ছিল, সেখানে কোনো তারবেড়া নেই। বর্তমানে ওই সীমান্তে কড়া নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।