কুমিল্লায় দেওয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, ভাই আহত
প্রতিকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল নাইমা মারা গেছেন।একই সঙ্গে তার ভাই ইফাদ হোসেন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ তথ্য জানান প্রতিবেশী আবদুর রউফ।
হতাহতরা পৌর এলাকার গোমারবাড়ির গ্রামের পূর্ব পাড়া মিয়াজী বাড়ির ফল ব্যবসায়ী আবুল খায়েরের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো মাটির ঘরটির সংস্কার কাজ চলছিল। রবিবার রাত ৯টায় জান্নাতুল নাইমা ও ইফাদ হোসেন ওই ঘরে গিয়ে ঘরের দেওয়ালের ভেতরে ইঁদুরের গর্ত দেখে লাঠি দিয়ে আঘাত করেন। এতে দেওয়াল ভেঙে দুজনই চাপা পড়ে আহত হন। বাড়ির লোকজন তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জান্নাতুলকে ঢাকা নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। জান্নাতুল চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
তার ভাই চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে নেওয়া হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ‘মাটির দেওয়াল চাপায় স্কুল ছাত্রী জান্নাতুল নাইমাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা পাঠানো হয়েছে। শুনেছি, সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার ভাই ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।