জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে : নিপুণ রায় চৌধুরী
সংগৃহীত ছবি
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, রাজনীতি মানে ক্ষমতা ভোগ করা নয়, রাজনীতি হলো জনগণের কল্যাণে কাজ করা। জনগণের অধিকার রক্ষা ও তাদের প্রত্যাশা পূরণে রাজনীতিবিদদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় তেঘরিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, ‘দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে।’
তিনি আরো বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।’
ইফতার মাহফিলে তেঘরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর কবীর জমিদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন, থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সামিউল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।