রৌমারীতে সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারের অভিযোগে স্টোরকিপার আটক
প্রতিকি ছবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুককে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার যন্ত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাকে আটক করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।