নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের খাল খনন কার্যক্রমের উদ্বোধন
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গঞ্জে আলী খাল খনন ও পরিষ্কার উদ্বোধনের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।
এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আজকে থেকে খাল উদ্ধার ও খনন কাজ শুরু করেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। নারায়ণগঞ্জে এই পরিবর্তন শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আমরা নারায়ণগঞ্জকে আধুনিক পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত শহরে পরিণত করবো।
তিনি আরও বলেন, রংপুর থেকে ভেকু নিয়ে এসেছি খাল খনন কাজ করার জন্য। আমরা ধারাবাহিকভাবে খালগুলো খনন করবো। খালগুলো সংস্কার করতে পারলে পরিবেশের উন্নতি ঘটবে। একই সাথে জলাবদ্ধতার অবসান ঘটবে। আমরা খালের চারপাশে গাছ লাগিয়ে গ্রীণ সিটি হিসেবে গড়ে তুলবো নারায়ণগঞ্জকে।
এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।