৪৩৬৪ পিস ইয়াবা নিয়ে যাচ্ছিলেন সৌদি, শাহজালালে ধরা

৪৩৬৪ পিস ইয়াবা নিয়ে যাচ্ছিলেন সৌদি, শাহজালালে ধরা

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার হাজার ৩৬৪ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি সংঘবদ্ধ মাদক কারবারিচক্রের সদস্য। 

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল ইসলাম। গতকাল বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাঁর কাঁধে থাকা ব্যাগের ভেতর কার্বন এবং স্কচটেপে মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় মোট চার হাজার ৩৬৪ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য দেন। তিনি দাবি করেন, গ্রেপ্তার সালাউদ্দিন একজন ইয়াবা কারবারি। সৌদি আরবে অবস্থানরত তাঁর ভাই নুরুল আমীনের কাছে ট্যাবলেটগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।

দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যান। বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে আনেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী মামলা করা হয়েছে।