নারায়ণগঞ্জে ১৮ মামলার আসামি দিপু আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের বন্দর এলাকার সন্ত্রাসী দিপুকে (৩২) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এন্ড সাজ্জাদ হোসেন।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন পূর্ব চাঁনপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দিপু বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামি দিপুর বিরুদ্ধে বন্দর থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি অস্ত্র, ১টি হত্যা, ৮টি হত্যাচেষ্টা, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ৩টি চাঁদাবাজি ও ২টি মাদক মামলা অন্তর্ভুক্ত। দিপু ও তার বাহিনী দীর্ঘদিন ধরে বন্দর ও মদনপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছিল। শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার থেকে চাঁদা আদায় এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়ের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
র্যাব--১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এন্ড সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।