অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে: জিএমপি উপ-পুলিশ কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ বিভাগ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ বিভাগ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় সন্ত্রাসীরা গত ৭ মার্চ রাতে মায়ের দোয়া রিয়েল এস্টেটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে মারধর, ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক তৈরি সৃষ্টি করে। এই ঘটনা পূর্বপরিকল্পিত। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে। পুলিশ কাজ করছে। একটু সময় দেন, অপরাধীদের অপরাধ করে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, গত দুই দিন আগে টঙ্গীর হাজির মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জন ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।