চেক জালিয়াতির মামলায় যুবকের নয় বছরের কারাদণ্ড
ফাইল ছবি
চট্টগ্রামে স্বাক্ষর নকল ও চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে নজরুল ইসলাম নামে এক যুবককে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত এই রায় দেন।
দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মো. নজরুল ইসলাম পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মো. নুরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও মো. শাহাজাহান ডবলমুরিং এলাকার মেসার্স নবী অ্যান্ড সন্সের কর্মচারী ছিলেন। নজরুল ইসলাম ছিলেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার। ২০০৭ সালের ৩ জুন দুপুরে নগরীর সদরঘাট এলাকার স্ট্যান্ড রোডের জনতা ব্যাংকের শাখা থেকে দুই কর্মচারী মিলে প্রতিষ্ঠানের মালিকের বড় ভাই মো. সেলিমের স্বাক্ষর জাল করে ৬টি চেক জনতা ব্যাংকে জমা দেয় টাকা উত্তোলনের জন্য।
পরে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি বুঝতে পেরে তারা টাকা দিতে নিষেধ করেন। পরবর্তীতে ৫ জুন চেকগুলোর মাধ্যমে টাকা প্রদান না করার জন্য ব্যাংক বরাবর লিখিত আবেদন করেন প্রতিষ্ঠানটির মালিক আবু সাদাত মোহাম্মদ শামীম। পরে ওই বছরের ১৮ জুলাই তিনি এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় মো. শাহাজাহান এর সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অভিযোতপত্র থেকে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। ওই মামলায় বিচারক রায় ঘোষণা করেন। তবে নজরুল বর্তমানে পলাতক রয়েছেন।