চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
চাঁদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বাবুরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে মৃত মুরগি বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে খান গোস্তের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আখি কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এ আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় মৃত মুরগি ও রক্ত মেশানো মাংসের চর্বি ধ্বংস করা হয়।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সদর স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।