খুলনায় গণধর্ষণ মামলার পলাতক আসামি সায়মন গ্রেফতার

খুলনায় গণধর্ষণ মামলার পলাতক আসামি সায়মন গ্রেফতার

প্রতিকী ছবি

খুলনায় আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-৬। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল নগরীর করিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় রওশন আরা ক্লিনিকের পাশ থেকে তাওহিদুল ইসলাম সায়মনকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৮ মার্চ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার চিলেকোঠায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারে তাওহিদুল ইসলাম সায়মনের নাম ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ ছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।