ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

সংগৃহীত ছবি

ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাক-জর্ডান সীমান্তবর্তী তুরাইবিল শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ। ইরান যুদ্ধের সময় মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল এই বিমান।

এসময় আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুল আঘাতে ভূপাতিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ঘটনাটি ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মিত্রপক্ষের আকাশসীমায় ঘটেছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি নিরাপদে অবতরণ করেছে।

জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার বিমান জরুরি পরিস্থিতি ঘোষণা করার পর বৃহস্পতিবার পরে তেল আবিবে অবতরণ করে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে।

বিধ্বস্ত বিমানের ক্রুরা বেঁচে আছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিধ্বস্ত বিমানটি আগুনে জ্বলতে দেখা গেছে।

এই ঘটনার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযানে চতুর্থবারের মতো কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এল। এর আগে চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। 

ওই ঘটনায় মার্কিন বাহিনীর ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে আসতে সক্ষম হন।