কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
সংগৃহীত ছবি
হাসপাতালে আসা রোগীদের সুস্থ থাকার জন্য এবার নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা যুবদল। শনিবার সকালে ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথমদিনে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্যসচিব সোলাইমান হক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আলমগীরসহ অন্য নেতারা। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতলের পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সোহরাব হোসাইন লিংকন ও চিকিৎসক শেখ তালাত মাহমুদ পিন্টু।