ঈদে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

জানা গেছে, ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ সংক্রান্ত সব কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে। ঘোষিত ১০ দিনের বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ সব সরকারি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এই সময়ের মধ্যে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক পত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

এদিকে পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্ধের সময় বন্দরের অভ্যন্তরে সীমিত পরিসরে কিছু কার্যক্রম—যেমন পণ্য লোড-আনলোড ও পরিবহন চালু থাকবে। তবে মূল আমদানি-রপ্তানি কার্যক্রম পুরো সময় বন্ধ থাকবে।