পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

সংগৃহীত ছবি

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের উদ্বুদ্ধ করতে পিরোজপুরে সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। জেলা ও দায়রা জজের বাসভবন এবং প্রবীণ পার্কসংলগ্ন একটি জরাজীর্ণ পুকুর পরিষ্কার করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযানের উদ্বোধন করা হয়।

অভিযানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো পিরোজপুরেও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

প্রতি শনিবার এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘পিরোজপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সব অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে।

অভিযানে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার স্থান পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।