বাগেরহাটের মোল্লাহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোল্লাহাটে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট-চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক।
নিহত শেখ সোহাগ উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামের দাউদ শেখের ছেলে।
তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সোহাগ শেখ। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলামও (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে। নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বল্প সময়ের ব্যবধানে দুটি গুলির ঘটনায় মোল্লাহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’