ফেনীতে মধ্যরাতে দিঘি থেকে মরদেহ উদ্ধার

ফেনীতে মধ্যরাতে দিঘি থেকে মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে মডেল থানার সংলগ্ন দিঘির উত্তর পাশে স্থানীয়রা পানিতে ভাসমান মরদেহটি দেখতে পান।

স্থানীয়রা জানান, রাতের বেলা দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় তারা মরদেহটি পানিতে ভাসতে দেখেন। পরে বিষয়টি আশপাশের আরো লোকজনকে জানান এবং জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে পুলিশ আসে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯–এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পিবিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত বছর (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।