রংপুর সিটির নতুন প্রশাসক কে এই ডন

রংপুর সিটির নতুন প্রশাসক কে এই ডন

এডভোকেট মাহফুজ উন নবী ডন

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি আইনজীবী হিসেবে আইন পেশায় যুক্ত রয়েছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুরসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।  নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী ডন দীর্ঘদিন ধরে রংপুরের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রজীবনে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহসাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।  বিগত সরকার আমলে একাধিকবার কারারুদ্ধ ছিলেন তিনি। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও নিজের রাজনৈতিক চেতনায় দৃঢ় অবস্থানে ছিলেন।  গত সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।  দল থেকে মনোনয়ন না পেলেও তিনি এ নিয়ে কোন রাজনৈতিক বৈরীতায় জড়াননি। 

মাহফুজ উন নবী ছাত্র রাজনীতি শেষে পরবর্তীতে তিনি রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা পোড়খাওয়া এই নেতার সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তাকে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে নগরীর উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মান আরও গতিশীল হবে। রংপুর আধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে বলে নগরবাসীর প্রত্যাশা।