সেই জনির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে বিএনপি’র একটি সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেয়ার সময় মারাত্মকভাবে আহত হন মোহাম্মদ জনি। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এ খবরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারকে পাশে দাঁড়ান এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন।
রবিবার বিকেলে (১৫ মার্চ) রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় জনির হাতে চিকিৎসা সহায়তাও তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি, ২০২৬ সালে টাঙ্গাইলে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনী সমাবেশে জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন।