কুড়িগ্রামে ঝড় ও শিলাবৃষ্টি: নৌ-দুর্ঘটনায় একজনের মৃত্যু, নিখোঁজ এক

কুড়িগ্রামে ঝড় ও শিলাবৃষ্টি: নৌ-দুর্ঘটনায় একজনের মৃত্যু, নিখোঁজ এক

প্রতিকি ছবি

কুড়িগ্রামের চিলমারীতে ঝড়ের তাণ্ডবে নৌ-দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আঙ্গুর মিয়া জানান, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন মিন্টু মিয়া (৩৬) ও ফরিদ হোসেন (৩২)। এ সময় একটি নৌকা মিন্টু মিয়ার ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন।

রবিবার সকালে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও ফরিদ হোসেনের কোনো সন্ধান মেলেনি।

এদিকে একই দিনে জেলার বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রায় ৪ থেকে ৫ মিনিট শিলাবৃষ্টি হয়। যদিও সময় স্বল্প ছিল, তবুও এতে বোরো ধান ও শাকসবজির ক্ষতির আশঙ্কায় উদ্বেগে পড়েন কৃষকেরা। অনেক জায়গায় বোরো ধান নুয়ে পড়ে এবং কিছু শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শিলাবৃষ্টির তীব্রতা খুব বেশি ছিল না। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ঝড় দীর্ঘস্থায়ী হলে চলতি মৌসুমের ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির কারণে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার অন্তত ৬৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে গম, চিনা, ভুট্টা ও বিভিন্ন শাকসবজি রয়েছে। তবে কৃষকেরা চাইলে পরে আবার শাকসবজি আবাদ করে আংশিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।