নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

সংগৃহীত ছবি

‎নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) তাকে নিয়োগ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

‎অধ্যাপক মামুন মাহমুদ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি অতীতে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদও সামলেছেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তিনি নাশকতা, হেফাজত ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া প্রায় তিন ডজন রাজনৈতিক মামলার আসামি হন এবং দীর্ঘ সময় কারাবরণ করেন। এসব মামলা নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছিল।

তবে স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে বড় কোনো বিতর্ক তাকে স্পর্শ করতে পারেনি। নারায়ণগঞ্জের রাজনীতিতে অনেকেই তাকে ‘ক্লিনম্যান’ হিসেবেও আখ্যায়িত করে থাকেন।

শেখ হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে কোমরে রশি বেঁধে আদালতে হাজির করা হয়। সেই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছিলেন।