রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ২১ ককটেল উদ্ধার

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ২১ ককটেল উদ্ধার

সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। র‌্যাবের ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল।

র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল সোমবার (১৬ মার্চ) রাত পৌনে একটার দিকে চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালায়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে পরিত্যক্ত দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। সন্দেহজনক এসব বস্তার মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করে র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। পরবর্তী পরীক্ষায় বস্তা দুটি থেকে মোট ২১টি ককটেল সদৃশ্য বস্তু শনাক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- একই সঙ্গে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা ও একটি চাকু উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেনি। প্রাথমিক অনুসন্ধানেও জড়িতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল। চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, কারা এগুলো মজুত করেছিল তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে