রাজধানীতে ডিএমপির অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের সাজা

রাজধানীতে ডিএমপির অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের সাজা

ফাইল ছবি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড প্রদান করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অপরদিকে, কমলাপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের কারাদণ্ড, ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি সিআর মামলা রুজু করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।