ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধীর
সংগ্রহীত ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দীন শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জালাল উদ্দীন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘ঘটনাটি এখনো আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’