রড চুরির ঘটনায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার তিন

রড চুরির ঘটনায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার তিন

সংগ্রহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই রড নামানোর সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলেন শেখ ফরহাদ (৪২), জাহিদুল ইসলাম (৩৫) ও লরি চালক আবুল হাসেম রয়েল (৩০)। এদের মধ্যে শেখ ফরহাদ বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এসময় তাদের কাছ থেকে সাতটি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া ৩১ টন রড বিক্রয়ের জন্য নামানোর সময় শেখ ফরহাদ ও জাহিদুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হওয়া ৭ বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়। পরে লরি চালক আবুল হাসেমকে বিএসআরএম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।