রামুতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডবের চেষ্টা

রামুতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডবের চেষ্টা

সংগ্রহীত ছবি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার একটি পেট্রোল পাম্পে অতিরিক্ত জ্বালানি তেল না পেয়ে ক্ষোভে শটগান উঁচিয়ে হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক ইটভাটা মালিকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মরিচ্যা বিজিবি ক্যাম্পের পাশে অবস্থিত এশিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। যদিও জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, তবে মাঠ পর্যায়ে সেই নির্দেশনা না পৌঁছানোয় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

পাম্পটির ম্যানেজার নুরুল হক নুরু বলেন, স্থানীয় ‘বিকে আজম ব্রিক ফিল্ড’-এর মালিক বি কে আজম পাম্পে এসে নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন।

কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতির বাইরে তেল সরবরাহ সম্ভব নয় বলে তাকে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার ব্যবহৃত গাড়ি থেকে একটি শটগান বের করে পাম্পের কর্মচারীদের দিকে তেড়ে যান এবং হামলার চেষ্টা করেন।’

ঘটনায় পাম্পে কর্মরতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে অস্ত্রধারী ইটখোলার মালিক বি কে আজম জানিয়েছেন, তিনি ইট খোলায় ব্যবহারের জন্য তেল চেয়ে না পেয়ে স্রেফ ভয় লাগানোর জন্য এমন ঘটনা ঘটিয়েছেন। বাস্তবে তিনি গুলি ছুঁড়তেন না।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘আমি ঘটনাটির কথা শুনেছি।

ইটখোলা মালিক এবং পাম্প ম্যানেজারের সাথেও আলাপ হয়েছে। আসলে দুই জনের মধ্যে কথা কাটাকাটির পর্যায়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে। জ্বালানি তেল সরবরাহের রেশনিং পদ্ধতি প্রত্যাহারের চিঠি না পাওয়ার কারণেই ঘটনাটি ঘটেছে।’