‘অন্য কারো গল্পে’ মিফতাহ জামান

‘অন্য কারো গল্পে’ মিফতাহ জামান

ছবি: সংগৃহীত

সমকালীন বাংলা গানে যে'কজন স্বকীয়তা তৈরি করতে পেরেছেন, তাঁদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। মানসম্মত কথা-সুরের সঙ্গে দরাজ কণ্ঠের গায়কীতে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি। মিফতাহ ভক্তদের জন্য সুখবর, এই ঈদে নতুন গান নিয়ে আসছেন শিল্পী। চাঁদরাতে প্রকাশিত হবে ‘অন্য কারো গল্পে’। শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্‌মে। 

‘অন্য কারো গল্পে’-এর কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই। আর এআই ভিজ্যুয়াল বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম। 

মিফতাহ বলেন, ‘গানটির লিরিকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, তা হলো এর স্টোরি টেলিং। মনে হচ্ছিল, একটা উপন্যাসের কোনো চ্যাপ্টার পড়ছি; আর স্পেসিফিক ওই চ্যাপ্টারের ইমোশন এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছোট্ট এক লিরিকে। ফলে সুর করার সময়ই পুরো দৃশ্যপট চোখে ভাসছিল। এরকম স্টোরি থাকলে গান করতে আমার ভালো লাগে। এ গানটি তৈরির সময়টাও দারুণ উপভোগ করেছি।’

‘চির অধরা’ খ্যাত এ শিল্পী জানান, নতুন গানটি তৈরির পর কাছের কয়েকজনকে শুনিয়েছেন। তাদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। মিফতাহর ভাষ্য, ‘মানুষ তো নিজেদের পছন্দ অনুযায়ী শুনবে, প্রতিক্রিয়া জানাবে। তবে ব্যক্তিগতভাবে আমি গানটি করে শতভাগ সন্তুষ্ট। ইট উইল অলয়েজ বি ওয়ান অব মাই চেরিশড ওয়ার্কস।’