গোপালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে ইফতার মাহফিল

গোপালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে ইফতার মাহফিল

সংগৃহীত ছবি

বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে নতুন কমিটির পরিচিতি, সাংগঠনিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে আয়োজনটি সম্পন্ন হয়।

ওইদিন বিকেল ৪টায় সকল সদস্যের উপস্থিতিতে শুরু হয় পরিচিতি সভা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মাহফুজুর রহমান। এরপর নতুন কমিটির সভাপতি সুজন দাসের সভাপতিত্বে শুরু হয় পরিচিতি পর্ব, যেখানে উপস্থিত সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন।

পরিচিতি পর্ব শেষে সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য দেন সভাপতি সুজন দাস। তিনি বলেন, ‘সকল ভালো উদ্যোগের সঙ্গে আমরা থাকতে চাই এবং ভালো কাজের সাথী হতে চাই। এই কাজে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।’

তিনি আরও বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানবিক সংগঠন হিসেবে বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। তা সকলেই বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের জন্য দোয়া করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হুমায়ূন আহমেদ পলক। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি জেলা শাখার যেকোনো ভালো কাজে আমরা সম্পৃক্ত থাকতে চাই।’

এ সময় গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. আল ইমরান সুমন বলেন, আমি আগে থেকেই শুভসংঘের কার্যক্রম দেখে অনুপ্রাণিত ছিলাম। আজ এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে আমার প্রতিষ্ঠানেও শুভসংঘের কার্যক্রম সম্প্রসারণে কাজ করব।

সাধারণ সম্পাদক তূর্য রহমান বলেন, চার বছর ধরে শুভসংঘের সঙ্গে কাজ করছি। এবার একটি দায়িত্বপূর্ণ পদে এসে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

পরিচিতি সভা শেষে শুরু হয় ইফতার মাহফিল। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি মো. আল ইমরান সুমন। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর পরিবার, সংগঠনের সকল সদস্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিমি বালা, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আল মুনিম, আশরাফুল আলম নাজিম ও সামিউল আলম, সাংগঠনিক সম্পাদক আ. বারি আপন, অর্থ বিষয়ক সম্পাদক অয়ন সাহা, ইভেন্ট সম্পাদক শিকদার রনি, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক সীমান্ত পাল, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান ফকির, শিক্ষা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ মন্ডলসহ কার্যকরী সদস্য সাহিত্য পাল, বিপ্রদীপ দাস, হাবিবা কাজী প্রমুখ।

অনুষ্ঠানটি নতুন কমিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মিলনমেলায় পরিণত হয়।