টঙ্গীবাড়ীতে জামায়াতে নামাজ পড়ে পুরস্কৃত ৩০০ কিশোর
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে স্থানীয়দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার বাদ জোহর উপজেলার সোনারং পুরাতন জামে মসজিদে নামাজ আদায়কারী কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, নির্ধারিত ৪০ দিন নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কিশোরদের তালিকা তৈরি করা হয়। পরবর্তী সময়ে তাদের উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ৩০০ কিশোরের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এর মধ্যে ১৪ জনকে সাইকেল এবং অন্যদের ডিনার সেটসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দার, মসজিদের ইমাম, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।