রামগতিতে ঈদের আগে দুঃসংবাদ পেলেন শ্রমিক দলের ২ নেতা

রামগতিতে ঈদের আগে দুঃসংবাদ পেলেন শ্রমিক দলের ২ নেতা

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে ঈদের আগে দুঃসংবাদ পেয়েছেন শ্রমিক দলের দুই নেতা। দলের পদ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করে।

বহিষ্কৃত নেতারা হলেন চরপোড়াগাছা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম মিঠু ও ইউনিয়নটির ৪ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল।

তাদেরকে সংগঠনটির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলের পদ ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার কারণে দলের সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাদের দুজনকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার রাত ১০টার দিকে চরপোড়াগাছা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল মতিন কালের কণ্ঠকে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের পদ ব্যবহার করে যারাই অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।