নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫
সংগ্রহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এএসআই আজিজসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রাতে রসুনহাটে তাদের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরই একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করে।
পরে উভয় পক্ষের সমর্থকরা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় এএসআই আজিজ আহত হন। পরে এএসআই আজিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।