অস্ত্রের মজুত কমেনি, বিশ্বের সবার চেয়ে এখনও বেশি যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে এসেছে— এমন সংবাদ প্রকাশের পর তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।’
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে।
এদিকে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করার দৃশ্য এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে হামলার দৃশ্য দেখানো হয়েছে।
প্রকাশিত ছবিগুলোর একটিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।
এআই দিয়ে তৈরি এসব ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ছবিগুলোর সঙ্গে বাস্তব কোনো সামরিক অভিযানের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।