সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
প্রতীকী ছবি
সাভারে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মাজাহারুল হক বিপ্লবকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) র্যাব-৪ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া জেলার সোনাতলা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম সাদিয়া আক্তার টুম্পার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিপ্লবের পরিচয় হয়।
পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং গত ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন। বিয়ের পর পরিবারকে না জানিয়ে সাভারের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা।
গত ১৩ মার্চ রাতে বাসার মালিক ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতরে লাইট ও ফ্যান চালু থাকলেও বাইরে তালা ঝুলতে দেখেন। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি টুম্পাকে খাটের ওপর নিথর অবস্থায় দেখতে পান।
ডাকাডাকিতে সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে টুম্পার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব-৪ এর আভিযানিক দল হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে এবং র্যাব-১২ বগুড়া এর সহায়তায় বগুড়া জেলার সোনাতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিবাহের কিছুদিন পর আসামী সন্দেহ করে তার স্ত্রী কারো সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রায়ই সময় এই বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হত। এই ঘটনার জের ধরে আসামী ১৩ মার্চ ২০২৬ তারিখে ভিকটিম সাদিয়া আক্তার টুম্পা কে তার ভাড়া বাসার মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।