ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর

সংগ্রহীত ছবি

ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক পল্লীবিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পাম্প কতৃপক্ষ জানান, বৃহস্পতিবার তারাবির নামাজের পর গাড়ি আনলোড করে কাস্টমারদের তেল দেওয়া শুরু করা হয়। এসময় পাম্পে শতাধিক মোটরসাইকেল আরোহী তেল নিতে আসেন।

বিশৃঙ্খলা এড়াতে তাদের লাইন করে একে একে তেল সরবরাহ করা হয়। রাত ১১টার দিকে হঠাৎ করে লাইনে থাকা কিছু উচ্ছৃঙ্খল মোটরসাইকেল আরোহী হট্টগোল শুরু করে।

একপর্যায়ে তারা অফিস কক্ষে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং খন্ডিত বাঁশ, লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করে ও পাম্পের কর্মচারীদের মারধর করে চলে যায়। এ ঘটনায় পাম্পের দুই কর্মচারী আহত হয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।