লালমনিরহাটের ৫ গ্রামে আগাম ঈদ উদযাপন
সংগৃহীত ছবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছয়টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। এতে প্রায় তিন শতাধিক পরিবার অংশগ্রহণ করেছেন।
সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়ায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মো: রাশেদুল ইসলাম।
সুন্দ্রাহবী মুন্সিপাড়া, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট আহলে হাদিস জামে মসজিদ ও বোতলা এলাকায় প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন হয়ে আসছে। মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মো: হযরত আলী জানান, ২০১১ সাল থেকে একই বিশ্বাসের ভিত্তিতে এখানকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
ঈদগাহে উপস্থিত মুসল্লিরা জানান, প্রধান জামাতে ৫ শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষ ও নারী উভয়েই বিভিন্ন জামাতে অংশগ্রহণ করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, জামাত চলাকালীন সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।