পথশিশুদের নিয়ে এমপি মুজিবুরের মেহেদি উৎসব, পোশাক বিতরণ

পথশিশুদের নিয়ে এমপি মুজিবুরের মেহেদি উৎসব, পোশাক বিতরণ

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুকে নিয়ে মেহেদি উৎসব ও নতুন পোশাক বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান চৌধুরী।

 

শুক্রবার কমলগঞ্জের কলাবাগান এলাকায় নিজ বাসভবনে দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশ নেওয়া শিশুদের প্রথমে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়। পরে এমপির পরিবারের সদস্যরা তাদের হাতে মেহেদীর নকশা আঁকেন। পাশাপাশি শিশুদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের ব্যবস্থা করা হয় এবং তাদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়ালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার একটি ভালো উদাহরণ এটি। এই মেহেদি উৎসবে যোগ দিয়ে কিছুটা সময় খুব আনন্দে কাটালাম।

সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবো। প্রত্যেক শিশুকেই বিদ্যালয়মুখী করার উদ্যোগও অব্যাহত থাকবে।