সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, রান্নাঘর-বাথরুমের ছাদ উড়ে গেছে

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, রান্নাঘর-বাথরুমের ছাদ উড়ে গেছে

প্রতিকি ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি বসতবাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গেছে। শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের ঝুঁকি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎ফায়ার সার্ভিস সূত্র জানায়, পেয়ারা বেগমের বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়।

‎আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া বলেন, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

‎তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া ও আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ‎ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।