এবারের ঈদ আনন্দ কিছুটা ভিন্ন: অর্থমন্ত্রী
ফাইল ছবি
আগেরবারের তুলনায় এবারের ঈদ আনন্দ কিছুটা ভিন্ন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।
তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।
আমীর খসরু আরও বলেন, এই ঈদের আনন্দ একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যেটি আছে, এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরত ধারা চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।