ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী আতিনুকে রেমিলোকুন কারিম

ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী আতিনুকে রেমিলোকুন কারিম

ছবিঃ সংগৃহীত।

স্তনের ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নাইজেরিয়ার জনপ্রিয় অভিনেত্রী আতিনুকে রেমিলোকুন কারিম।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাইজেরীয় চলচ্চিত্র সংগঠন ‘থিয়েটার আর্টস অ্যান্ড মোশন পিকচার্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া’ (টাম্পান)-এর ওগুন রাজ্য প্রধান ওওয়ালাবি আজাসা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

মৃত্যুর পূর্বে ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসার খরচের যোগান দিতে আকুল আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন আতিনুকে। দুই শিশুসন্তানের জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসীর কাছে আর্থিক সহায়তার অনুরোধ জানিয়ে তিনি বলেছিলেন,

‘আমি দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সাথে লড়াই করছি। চিকিৎসার খরচে আমার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আমার সংগঠন 'টাম্পান' সাধ্যমতো চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। আমাকে এভাবে মরতে দেবেন না, আমার দুটি ছোট বাচ্চা আছে। নাইজেরিয়াবাসী, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই আমাকে সাহায্য করুন।’

অভিনেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে টাম্পান। সংগঠনের ওগুন রাজ্যের জনসংযোগ কর্মকর্তা ফেমি সোলাজার স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, সর্বশক্তিমানের ইচ্ছার কাছে মাথা নত করে তারা মরহুমার আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করছেন।

একই সাথে কঠিন সময়ে এই অভিনেত্রীর পাশে দাঁড়ানো, অর্থ সাহায্য করা এবং প্রার্থনা জানানো সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি সংগঠন ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।