কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।
আহত আরেক তরুণকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, ‘বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির মারা যান এবং আরেকজন গুরুতর আহত হন।’
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি দ্রুত সরে যায়।
ফলে চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’