রাজধানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ।
সোমবার (২৩ মার্চ) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরে খবর পেয়ে প্রগতি সরণির সুবাস্ত নগর ভ্যালি মার্কেটের বিপরীত পাশের সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নাম-পরিচয় জানতে পিবিআই ও সিআইডি তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। কিন্তু তার ম্যাচ না করায় নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত হতে দুর্ঘটনা কবলিত স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে। তাই মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য অঞ্জুমান মুফিদুলে দেওয়া হবে। এছাড়া এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে একটি মামলা করবে।