মাদক-দুর্নীতিমুক্ত নগরকান্দা-সালথা গড়তে চাই : শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৎ কাজ করা, মানুষের জন্য সেবা করা এবং সংগঠনকে ঠিক করার কাজ অনেক কঠিন, মাইকে বক্তৃতা দেওয়া অনেক সহজ।
সোমবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুরের নগরকান্দা পৌরশহরের সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ।
স্মরণসভায় শামা ওবায়েদ তার প্রয়াত পিতা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানকে স্মরণ করে বলেন, আমার বাবা ওবায়দুর রহমান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তিনি মুক্তিযুদ্ধ করেছেন। জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রথমে জাগোদল, পরে জাতীয়তাবাদী দলে একীভূত হন। এ সময় তিনি তার মরহুম বাবার মাগফিরাতের জন্য দোয়া চান।
উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে শামা ওবায়েদ বলেন, আপনাদের বোন ও মেয়ে হিসেবে বলতে চাই, আপনারা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। আমি সব সময় মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত নগরকান্দা-সালথা গড়ে তুলতে চাই। প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কেউ যেন অন্যায় কাজ না করে সেজন্য তিনি সতর্ক করেন।