আইন না মানায় পিরোজপুরে ৪ পরিবহনকে জরিমানা

আইন না মানায় পিরোজপুরে ৪ পরিবহনকে জরিমানা

ফাইল ছবি

পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট পারমিট না থাকার অভিযোগে চারটি পরিবহনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ এ জরিমানার আদেশ দেন।

অভিযানে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব।