আধিপত্যের জেরে ভৈরবে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্যের জের ধরে ইমাম হোসেন নামের (১৭) এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে আগানগর ইউনিয়নের লুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইমাম হোসেন পাগলা বাড়ি বংশের ইসা মিয়া ছেলে।
পারাবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার সময় লুন্দিয়া বড় পাড়া আলগা পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানের হলুদ সন্ধ্যা চলছিলো।
ইমাম হোসেন বন্ধুদের সাথে অনুষ্ঠান দেখতে যায়। এসময় শেখ বংশের লোকজন ইমাম হোসেনকে পেয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শেখ বাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ো ইমাম হোসেনকে আঘাত করলে সে দৌড়ে পালিয়ে যেতে চাইলে দৌড়ানো অবস্থায় আইয়ুব আলি মিয়ার বাড়ির কাছে আহত অবস্থায় লুটিয়ে পড়ে।
পরে রাত ১১ টার দিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে।
কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ত্বরত মেডিকেল অফিসার ডাক্তার উম্মো হাবিবা জুই বলেন, ‘গুরুতর আহত অবস্থায় রাত ১১ টার সময় আমাদের এখানে ইমাম হোসেনকে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরন ও বাম উরুতে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।’
ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তালেব বলেন, ‘হাসপাতাল থেকে লাশ রাত ১২ টার পরে আমরা থানাই নিয়ে আসি।
’
ভৈরব সার্কেলের পুলিশ সুপার ফয়জুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় অবস্থান করছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালে পাগলা বাড়ি ও শেখ বাড়ি রক্তক্ষয়ী সংঘর্ষ হলে শেখ বাড়ির ২ জন নিহত হয়েছিলো। এরা হচ্ছে মোতালেব মিয়ার ছেলে মকবুল মিয়া ও খালেক মিয়ার ছেলে পাবেল মিয়া। এর পর থেকে পাগলা বাড়ি ও শেখ বাড়ির মাঝে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করে আসছে।